দৌলতপুর প্রতিনিধি | Bnc News
কুষ্টিয়ার দৌলতপুরে কোরআন শরিফ অবমাননার অভিযোগকে কেন্দ্র করে একটি দরবারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দরবারটির কথিত প্রধান পীর আব্দুর রহমান ওরফে শামীম নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
শনিবার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় অবস্থিত ‘শামীম বাবার দরবার শরিফ’-এ এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দুপুরের দিকে একদল লোক একত্রিত হয়ে দরবারে হামলা চালায়।
পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন Bnc News-কে জানান, প্রায় তিন বছর আগের একটি ভিডিওকে কেন্দ্র করে কোরআন অবমাননার অভিযোগ তুলে স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে ওঠে এবং পরে সংঘবদ্ধভাবে দরবারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়।
হামলায় অন্তত তিনজন আহত হন। আহতদের দ্রুত দৌলতপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রহমান ওরফে শামীম মারা যান বলে চিকিৎসক নিশ্চিত করেছেন।
Bnc News -এর অনুসন্ধানে দেখা গেছে, ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, শতাধিক মানুষ লাঠিসোটা নিয়ে দরবারে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয়।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।
